বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে ২১ শিক্ষার্থী আহত
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় উত্তরা ইউনিভার্সিটির একটি বাস উল্টে ২১ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১০ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বাসটিতে থাকা অন্তত ২১ শিক্ষার্থী আহত হয়েছে।
এ ঘটনায় গুরুতর অবস্থায় দুইজন শিক্ষার্থীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত গণমাধ্যমকে করেছেন গাজীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ওই বাসটি উত্তরা থেকে শিক্ষার্থীদের নিয়ে মাওনার দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ভেতরে থাকা ২১ জন শিক্ষার্থী আহত হন। পরে আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এখনো শিক্ষার্থীদের কারও নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি।




