শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে আসছে সিদ্ধান্ত

শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে আসছে সিদ্ধান্ত

বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে সিলেট বিভাগেও বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। এ কারণে শনিবার (১১ জুলাই) সিলেট শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে মিটিংয়ে বসেছে আন্তঃশিক্ষা বোর্ড। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আজকের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো।

আজ শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, টানা তিন দিনের বৃষ্টি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট বিভাগের চার জেলায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মৌলভীবাজারের মনু ও হবিগঞ্জের খোয়াই নদীর পানি ইতোমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। অন্যদিকে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার খুব কাছাকাছি পৌঁছেছে। এতে বিভাগজুড়ে বন্যার আশঙ্কা ও উদ্বেগ বাড়ছে।

এ ছাড়াও ভারি বৃষ্টির কারণে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি বলেন, আগামীকালের পরীক্ষা নিয়ে আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। চট্টগ্রামের পাশাপাশি সিলেট বিভাগের পরিস্থিতির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করে আজ বিকেল ৪টায় আমরা একটি মিটিংয়ে বসেছি। পরে সিলেট বোর্ডের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *