hsc-exam

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হতে পারে ১০০ নম্বরের পরীক্ষার মাধ্যমে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগে ১০০ নম্বরের পূর্ণাঙ্গ মূল্যায়ন পদ্ধতি চালুর প্রস্তাব করেছে নিয়োগ সংক্রান্ত গঠিত কমিটি। নতুন এই কাঠামো অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ করবে এবং পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে এসব পদে নিয়োগ সুপারিশ করা হবে। এতে নিয়োগ প্রক্রিয়া আগের তুলনায় আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অনিয়মমুক্ত হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

বুধবার (১৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, বেসরকারি স্কুল-কলেজ পরিচালনায় প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্বের প্রস্তাবনা অনুযায়ী এ পদে কেবল মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়ার কথা ছিল। তবে এর ফলে প্রার্থীদের প্রকৃত যোগ্যতা যাচাই নিয়ে প্রশ্ন উঠত। এ পরিস্থিতি এড়াতে লিখিত বা এমসিকিউসহ পূর্ণাঙ্গ ১০০ নম্বরের মূল্যায়ন পদ্ধতির প্রস্তাব করেছে মন্ত্রণালয়ের গঠিত কমিটি। এই পরীক্ষা লিখিত হবে নাকি শুধুই এমসিকিউ পদ্ধতিতে হবে তা চূড়ান্ত করবে এনটিআরসিএর বোর্ড।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানান, ‘পূর্বে ম্যানেজিং কমিটির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগে পরীক্ষা নেওয়ার একটি প্রচলন ছিল। তাই এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ হলেও পূর্ণাঙ্গ মূল্যায়নের এই ধারা বজায় রাখতে চায় কমিটি। ১০০ নম্বরের এই পরীক্ষায় মৌখিক সাক্ষাৎকারের জন্যও কিছু নম্বর বরাদ্দ করার সুপারিশ করা হয়েছে।’

গত ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সমমানের সব পদে নিয়োগ দেওয়া হবে এনটিআরসিএর মাধ্যমে। এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। তার আগের দিন ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারও জানান, বেসরকারি প্রতিষ্ঠানে একজন প্রতিষ্ঠান প্রধান বা অধ্যক্ষ পুরো প্রতিষ্ঠানের নীতি ও মান নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই মেধাভিত্তিক যোগ্যতাসম্পন্ন নেতৃত্ব গড়েই দীর্ঘমেয়াদে শিক্ষার মানোন্নয়ন সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *