জবির ভর্তি পরীক্ষা শুরু কাল, প্রথম দিনে আসনপ্রতি লড়বে ২০ জন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার। এদিন ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে পরীক্ষা।
চারুকলা অনুষদের ৩টি বিভাগে মোট ৬০ আসনের বিপরীতে লড়বে ১ হাজার ২৫১ জন। প্রতি আসনে লড়বে ২০ জন পরীক্ষার্থী। এদিন পরীক্ষা হবে ৪৫ নম্বরের ব্যবহারিক ও ২৭ নম্বর থাকবে বহুনির্বাচনী প্রশ্নে। পরীক্ষায় মোট দেড় ঘণ্টা সময় পাবে শিক্ষার্থীরা।
এ বিষয়ে জবির চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আলপ্তগীন বলেন, এবার মোট পরীক্ষার্থী ১২৫১ জন। জবির শহীদ সাজিদ একাডেমিক ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। জবির বাইরে অন্য কোন কেন্দ্রে পরীক্ষা হবে না।
এর আগে, ২০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ করা হয়। বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত এ ইউনিটে আবেদন জমা পড়ে মোট ৭২ হাজার ৪৬৩টি; কলা ও আইন অনুষদভুক্ত বি ইউনিটের পরীক্ষায় আবেদন জমা পড়ে মোট ৭৯ হাজার ৭৯৬টি; ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত সি ইউনিটের পরীক্ষায় ২০ হাজার ৬৮৪ জন; সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের পরীক্ষায় ২৫ হাজার ৮২০ জন; চারুকলা অনুষদভুক্ত ই ইউনিটের পরীক্ষায় ১ হাজার ২৫১ জন আবেদন করেন। মোট আবেদন করেছেন ২ লাখ ১৪ জন।



