এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য
এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য
প্রতি বছরের মতো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। চলতি বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১৪৮৮ জন। এ বছর সারাদেশে পাসের হার ৬২.২৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ হলেও মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৬৭ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।
বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১২৬৫ জন শিক্ষার্থী এবং পাস করে ১২৬২ জন। পাসের হার ৯৯.৭৬ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে ৫৯৩ জন। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২২৮ জন শিক্ষার্থী এবং পাস করে ২২৬ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯৯.১২ শতাংশ।
ফলাফল ঘোষণার পর উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের সুবিশাল প্রাঙ্গণে নেমে আসে আনন্দের জোয়ার। বাঁধভাঙা উচ্ছসে মেতে ওঠে কৃতী শিক্ষার্থীরা। কলেজের অধ্যক্ষ মহোদয়কে সাথে নিয়ে এই সাফল্য উদযাপনের আনন্দে যোগ দেয় সকল শিক্ষক এবং অভিভাবকগণ। স্বজন ও সন্তানদের সাফল্যের আনন্দে উদ্বেলিত অভিভাবকগণ মাইলস্টোন কলেজের অ্যাকাডেমিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং অধ্যক্ষ ও শিক্ষকদের সন্তানতুল্য আন্তরিক পরিচর্যার জন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘সুনির্দিষ্ট অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুসরণ, সময়োপযোগী শিক্ষাপদ্ধতি, নিয়মিত ক্লাস এবং বছরজুড়ে অ্যাকাডেমিক শৃঙ্খলা বজায় থাকে বলেই মাইলস্টোন কলেজ আশানুরূপ ফলাফল অর্জন করতে পারে।’ এসএসসি পরীক্ষার ফলাফলে এই অবিচল সাফল্যের জন্য উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিবাদন জানান অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং সকল শিক্ষক ও অভিভাবকদের প্রতি প্রকাশ করেন গভীর কৃতজ্ঞতা।
শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় এবং অভিভাবকদের পূর্ণ সহযোগিতাকে এই অসাধারণ ফলাফল অর্জনের মূল ভিত্তি হিসেবে চিহ্নিত করেছেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।





