এইচএসসি : সময় কম, স্বপ্ন বড়—এখনই শুরু করো
উচ্চমাধ্যমিক জীবন শিক্ষার্থীর জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়টি শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, ভবিষ্যৎ জীবনের ভিত্তি গড়ে তোলারও সময়। তাই উচ্চমাধ্যমিকে সময় নষ্ট করার কোনো অবকাশ নেই। আজকের একটি নষ্ট করা ঘণ্টা হয়তো আগামী দিনের একটি গুরুত্বপূর্ণ সুযোগকে পিছিয়ে দিতে পারে।
সময় পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি। টাকা হারালে পরিশ্রম করে আবার অর্জন করা যায়, কিন্তু হারিয়ে যাওয়া সময় কখনো ফিরে আসে না। উচ্চমাধ্যমিকের পড়াশোনায় প্রতিটি দিন, প্রতিটি ঘণ্টা গুরুত্বপূর্ণ। কারণ এই সময়ে একদিকে যেমন পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করতে হয়, অন্যদিকে তেমনি ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও কর্মজীবনের জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। তাই “কাল থেকে পড়ব”—এই চিন্তা একজন শিক্ষার্থীর সবচেয়ে বড় বাধা হতে পারে।
অনেক শিক্ষার্থী মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম, অপ্রয়োজনীয় আড্ডা, অতিরিক্ত বিনোদন কিংবা অলসতার কারণে মূল্যবান সময় নষ্ট করে। কিছুক্ষণ বিশ্রাম বা বিনোদন অবশ্যই প্রয়োজন, কিন্তু তা যেন পড়াশোনার নিয়মিত সময়কে গ্রাস না করে। মনে রাখতে হবে, বিনোদন জীবনের একটি অংশ, কিন্তু লক্ষ্যহীন বিনোদন জীবনের লক্ষ্যকে দুর্বল করে দিতে পারে।
উচ্চমাধ্যমিকে সফল হতে হলে প্রথমেই একটি বাস্তবসম্মত সময়সূচি তৈরি করা দরকার। কোন বিষয় কখন পড়ব, কতক্ষণ অনুশীলন করব, কখন বিশ্রাম নেব—এসব আগে থেকে ঠিক করে রাখলে সময়ের সঠিক ব্যবহার করা সহজ হয়। কঠিন বিষয়গুলোকে ভয় না পেয়ে প্রতিদিন অল্প অল্প করে পড়তে হবে। নিয়মিত পড়াশোনা শেষ মুহূর্তের চাপ কমায় এবং আত্মবিশ্বাস বাড়ায়।

তবে শুধু দীর্ঘ সময় পড়লেই হবে না; মনোযোগ দিয়ে পড়াটাই আসল। এক ঘণ্টা মনোযোগ দিয়ে পড়া অনেক সময় কয়েক ঘণ্টা অমনোযোগী পড়াশোনার চেয়ে বেশি কার্যকর। তাই পড়ার সময় মোবাইল দূরে রাখা, অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করা এবং নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পড়া উচিত।
জীবনে বড় স্বপ্ন দেখতে হলে সেই স্বপ্ন পূরণের জন্য আজ থেকেই কাজ করতে হবে। একজন শিক্ষার্থী যদি প্রতিদিন নিজেকে প্রশ্ন করে—“আজ আমি আমার ভবিষ্যতের জন্য কী করলাম?”—তাহলে সে নিজের সময়ের মূল্য বুঝতে পারবে। ব্যর্থতা এলেও হতাশ হওয়া যাবে না। বরং ভুল থেকে শিক্ষা নিয়ে আবার শুরু করতে হবে।
মনে রাখতে হবে, উচ্চমাধ্যমিকের এই কয়েকটি বছর ভবিষ্যতের অনেক সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। তাই অন্যের সঙ্গে সময় নষ্ট করে নয়, নিজের গতকালকে আজকের সঙ্গে তুলনা করে এগিয়ে যেতে হবে। আজকের পরিশ্রমই আগামী দিনের সাফল্যের ভিত্তি।
সুতরাং উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য মূলমন্ত্র হওয়া উচিত—“সময়কে সম্মান করো, লক্ষ্যকে সামনে রাখো এবং প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলো।” সময় চলে যায়, কিন্তু সময়ের সদ্ব্যবহার আমাদের জীবনে রেখে যায় জ্ঞান, দক্ষতা ও সাফল্য। তাই এখনই জেগে ওঠার সময়। কারণ উচ্চমাধ্যমিকে সময় নষ্ট করার অবকাশ নেই; প্রতিটি মুহূর্ত ভবিষ্যৎ গড়ার সুযোগ।
পরিশেষে, দোয়া করি—“আমি পারব”—এই বিশ্বাসেই শুরু হোক HSC প্রস্তুতি
লেখক —
ইঞ্জি:মো.সিফাত রহমান
সিনিয়র লেকচারার,আইসিটি বিভাগ
মাইলস্টোন কলেজ, ঢাকা।
https://tinyurl.com/engrsifat



