শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন নিয়ে বড় ধরনের দুঃসংবাদ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলেও আইবাস সফটওয়্যারে বেতনের তথ্য সাবমিট করতে পারছে না মাউশি। এর ফলে চলতি সপ্তাহে মার্চের বেতন পাবেন না পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারী।
মঙ্গলবার (৭ এপ্রিল) মাউশির একটি সূত্র জানিয়েছে, গত রবিবার মার্চের বেতনের অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। এর পর থেকেই আইবাসে বেতনের তথ্য সাবমিটের চেষ্টা করছে মাউশি। তবে একাধিকবার চেষ্টা করেও আইবাসে তথ্য সাবমিট করা সম্ভব হয়নি। তথ্য সাবমিট না করতে পারায় বাংলাদেশ ব্যাংকের অনুমোদনও মেলেনি।
সূত্রের তথ্য বলছে, আইবাসের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছে মাউশি। সমস্যা সমাধানের আশ্বাস দিলেও আইবাস সেটি করছে না। আগামীকাল বুধবার বিল সাবমিট করা গেলেও বাংলাদেশ ব্যাংক থেকে বৃহস্পতিবারের মধ্যে অর্থ ছাড় হওয়ার সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে বিল সাবমিট করা না গেলে আগামী সপ্তাহের শেষ দিকে শিক্ষক-কর্মচারীরা বেতন পেতে পারেন।





